গোপালগঞ্জে ১১২টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

গোপালগঞ্জে ১১২টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

গোপালগঞ্জের মুকসুদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোপ্তরগাতী ঘড়া ভাঙ্গা বিল থেকে ১১২টি অবৈধ জাল জব্দ করার পর তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

মুকসুদপুর উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ঘড়া ভাঙ্গা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে অবাধে দেশীয় প্রজাতির মাছ শিকার করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ওই এলাকায় আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে বিলের বিভিন্ন অংশ থেকে মোট ১১২টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

জব্দকৃত এসব ক্ষতিকর জালের আনুমানিক বাজারমূল্য লাখ টাকারও বেশি। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। অভিযান চলাকালে মৎস্য কর্মকর্তাদের সাথে খান্দারপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমারত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার ও জীববৈচিত্র্য রক্ষায় এই ধরনের ক্ষতিকর জালের ব্যবহার বন্ধ করা জরুরি। তিনি আরও জানান, মুকসুদপুরের জলাশয়গুলোতে দেশীয় মাছের অভয়াশ্রম নিশ্চিত করতে এবং অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183935