কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়: সামিয়া আফরিন
বিনোদন ডেস্ক : ক্যানসারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিন। কোলন ক্যানসার জয় করার পর সম্প্রতি আবার ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নতুন ও ন্যাড়া মাথার একটি ছবি প্রকাশ করে নিজের অনুভূতির কথা প্রকাশ করেছেন সামিয়া আফরিন। তিনি লেখেন, ‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে যখন আমার মাথাটা আবার পুরোপুরি বল্ড (টাক) হয়ে যাবে! ছোটবেলায় হয়তো এমন হয়েছিল, তখন সেটা নিয়ে ভাবারও বয়স ছিল না। কিন্তু বড় হয়ে, কোনো বিশেষ কারণ ছাড়া এমনভাবে চুল হারানোর অভিজ্ঞতা হয়তো খুব কম মানুষেরই আসে।’
তিনি আরও লেখেন, ‘জীবনে কিছু কিছু বিষয় আমাদের পছন্দের নয়, কিন্তু মেনে নেওয়ার হয়। কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়, কিন্তু গ্রহণ করতে হয়। আর আমি সেটাই করছি। নিজের এই পরিবর্তন ও নতুন রূপকে মেনে নিয়েছি।’
সৌন্দর্যের প্রকৃত অর্থ তুলে ধরে সামিয়া বলেন, ‘চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। আসল সৌন্দর্য হলো নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারা। এই লুকটাও তাই আমার জীবনের একটা গল্প। একটা কঠিন সময়ের গল্প, কিন্তু একই সঙ্গে সাহস, গ্রহণ আর নিজের প্রতি ভালোবাসারও গল্প।’
পোস্টের শেষে সামিয়া লেখেন, ‘অতএব, হ্যাঁ... এটাই আমি ন্যাড়া মাথা, আর নিজের সত্তা নিয়ে কোনোরকম সংকোচ বা দ্বিধাহীন। নিজের প্রতিটি সংস্করণের জন্য আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, এই সময়টাও কেটে যাবে।’ তাঁর এই অদম্য মানসিকতা ও সাহস বর্তমানে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মনে গভীর অনুপ্রেরণা জুগিয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183908