রামেক হাসপাতালে ৯ দিনে ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু
রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গেল ৯ দিনে হাসপাতালে ১৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১৩২ জন।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় আসমা খাতুন (৩৫) নামে এক নারী ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের বালুবাগান এলাকার বাসিন্দা। এ নিয়ে গেল ৯ দিনে ৪ জনের মৃত্যু হয়েছে হাসপাতালটিতে। রামেক হাসপাতালের দৈনিক ডেঙ্গু আপডেট অনুযায়ী, ৭ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী ছিলেন ৬৫ জন।
৮ সেপ্টেম্বর এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৮ জনে। ৯ সেপ্টেম্বর ৬৯ জন এবং ১০ সেপ্টেম্বর ৬৪ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। ১১ সেপ্টেম্বরও রোগীর সংখ্যা ছিল ৬৪ জন। এরপর ১২ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৪ জনে।
১৩ সেপ্টেম্বর তা আরও বেড়ে ৮০ জন, ১৪ সেপ্টেম্বর ৮২ জন এবং সর্বশেষ ১৫ সেপ্টেম্বর ৯৫ জনে পৌঁছেছে। অর্থ্যাৎ, ৭ সেপ্টেম্বরের তুলনায় ১৪ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী বেড়েছে ১৭ জন, যা প্রায় ২৬ দশমিক ২ শতাংশ বৃদ্ধি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় এক নারীর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ভর্তি হয়েছে ১৭ জন। তিনজন ছাড়পত্র পেলেও বর্তমানে ডেঙ্গুতে চিকিৎসাধীন ভর্তি রোগী ৯৫জন রোগী।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183852