বগুড়ার সারিয়াকান্দিতে আপত্তিকর ভিডিও, কনটেস্ট কোচিং সেন্টার সিলগালা
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দির দ্য নিউ কনটেস্ট কোচিং সেন্টারের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় কোচিং সেন্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। ঘটনাস্থল পরিদর্শন করে কোচিং সেন্টারটি সিলগালা করেছে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সারিয়াকান্দির দ্য নিউ কনটেস্ট কোচিং সেন্টারের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে কোচিং সেন্টারের শিক্ষার্থীরা অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করেছে। ওই ভিডিওতে কোচিং সেন্টারের পরিচালক নয়ন কুমার রাজভরকে পরিচয় করে দেয়া হয়েছে। ভিডিওটি বেশকিছু ফেসবুক পেইজে ভাইরাল হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেতে ক্ষুব্ধ এলাকাবাসী আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কোচিং সেন্টারের সামনে এবং ফুলবাড়ি বাজারের তেতুলতলা এলাকায় বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, বগুড়া জেলা যুবদলের সহ সাহিত্য বিষয়ক সম্পাদক আবু জাফর, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আক্তারুজ্জামান বুলবুল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ সামছুল, ছাত্রনেতা সাফায়েত হোসেন সাব্বির প্রমুখ।
পরে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন, পরিদর্শন করে কোচিং সেন্টারটি সিলগালা করে দেন।
বিক্ষোভ সমাবেশে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি বলেন, দীর্ঘদিন ধরেই দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টারের পরিচালক নয়ন কুমার নানা ধরনের অশ্লীল কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। একটি কোচিং সেন্টারের ভেতরে পরিচালকের সামনে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা কিভাবে এরকম অশ্লীল অঙ্গভঙ্গি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তা আমাদের বোধগম্য নয়।
আমরা কোচিং সেন্টারের পরিচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে আমরা এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। ঘটনাকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেজন্য ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম বলেন, এ ঘটনায় ইতিমধ্যেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকাবাসীর দাবির ভিত্তিতে কোচিং সেন্টারের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছি এবং তাৎক্ষণিক কোচিং সেন্টারটি সিলগালা করে দিয়ে এসেছি। কোনরূপ অপ্রীতিকর ঘটনা যাতে সৃষ্টি না হয়, তার জন্য এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183814