বগুড়ায় গৃহপরিচারিকাকে নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ

বগুড়ায় গৃহপরিচারিকাকে নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার: মিথ্যা চুরি মামলায় গ্রেফতার, থানা ও গৃহকর্তার বাসায় শারীরিক-মানসিক নির্যাতন এবং জোরপূর্বক ১৬৪ ধারায় জবানবন্দি আদায়ের প্রতিবাদে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ মরিয়ম খাতুন (৩৪)। সোমবার বগুড়া উপজেলার শাহজাহানপুরের ফুলকোট গ্রামের মৃত মহিরের কন্যা মরিয়ম বেগম সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জানান, তিনি রহিমাবাদ উত্তরপাড়ার গৃহকর্তা হাসান আলী ও বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা হাফিজা খাতুনের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন।

গত ২৪ মার্চ সোনার গহনা চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। পরে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করলেও, ৩ দিন পর তার বিরুদ্ধে চুরির মামলা দেওয়া হয় এবং পুলিশি রিমান্ডে থাকা অবস্থায় গৃহকর্তার বাসায় নিয়ে তাকে পুনরায় বেল্ট দিয়ে মারধর ও হুমকি দিয়ে জোরপূর্বক জবানবন্দি ও ভিডিও ধারণ করা হয়। বর্তমানে তিনি ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্ত রয়েছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মরিয়ম খাতুন অভিযোগ করেন যে, বর্তমানে বাদীপক্ষ তাঁকে ও তাঁর ৩ বছরের শিশু কন্যাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী ও তাঁর অসহায় পরিবারের পক্ষ থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সরজমিনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তি এবং এই অন্যায় ও নির্যাতনের ন্যায়বিচারের আকুল দাবি জানানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183800