যশোরে আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য আটক

যশোরে আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য আটক

আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিরোজপুর, সাতক্ষীরা ও খুলনায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় খুলনার ডুমুরিয়া থেকে চুরি যাওয়া একটি ইজিবাইকও উদ্ধার করেছে পিবিআই।

আটক ব্যক্তিরা হলেন- যশোরের শংকরপুর চোপদারপাড়ার টিপু সুলতানের ছেলে মো. দিদারুল ইসলাম (২৫), সাতক্ষীরার পাটকেলঘাটার মির্জাপুরের আতিয়ার সরদারের ছেলে ফিরোজ সরদার (২১) এবং একই এলাকার রুহুল আমিন সরদারের ছেলে মো. শাহাদাত হোসেন ওরফে নাইস (২৩)।

পিবিআই জানায়, গত ২ জুলাই যশোর শহরের চারখাম্বা মোড় এলাকায় হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালের সামনে থেকে শাকিল হোসেনের একটি ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় গত ১১ আগস্ট মামলা হলে পিবিআই যশোর তদন্তের দায়িত্ব নেয়।

যশোর পিবিআইয়ের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর রাতে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে দিদারুল ইসলামকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে সাতক্ষীরা থেকে ফিরোজ সরদার ও শাহাদাত হোসেনকে আটক করা হয়।

পুলিশ সুপার বলেন, শাহাদাতের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার ডুমুরিয়ার একটি গ্যারেজে অভিযান চালিয়ে চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইজিবাইক চুরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশ সুপার। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183779