টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত স্মিথের

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত স্মিথের

স্পোর্টস ডেস্ক : আগামী ছয় মাসে টেস্ট ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করবে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা সফরের পর নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা। এর মধ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ইংল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া ১৫০তম বর্ষপূর্তি টেস্টও রয়েছে। এই ব্যস্ত সূচি শেষেই টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। এমনকি আগামী বছরের বহুল প্রতীক্ষিত অ্যাশেজে তাকে দেখা যাবে কি না, সেটিও নিশ্চিত করে বলতে পারছেন না ৩৭ বছর বয়সী এই ব্যাটার।

টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, ‘সেখানে (আগামী অ্যাশেজে) থাকব কি না, তা নিয়ে নিজেই নিশ্চিত নই। এখন সিরিজ ধরে ধরে ভাবছি, বেশ কিছুদিন ধরে এভাবেই চলছে। আমার জন্য ওই সময়টা এখনো অনেক দূরে। ইংল্যান্ডে সিরিজ জেতার স্বাদ পেলে তা ভালোই লাগবে। তবে এটা সত্যি বাস্তবে হয় কি না, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।’

ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দ্বিধায় থাকলেও অলিম্পিকে খেলার স্বপ্ন দেখছেন স্মিথ। ১২৮ বছর পর ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরবে। এ জন্য টি-টোয়েন্টি খেলে যেতে চান তিনি। ৩৭ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘এই মুহূর্তে অলিম্পিকই হয়তো একমাত্র জায়গা, যার অংশ হতে চেষ্টা করতে চাই। ইউরোপিয়ান লিগে খেলার অন্যতম প্রধান কারণও যতটা সম্ভব টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়া।’

খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে কি করবেন সেটাও এখনো ঠিক করেননি স্মিথ। তিনি বলেছেন, ‘এখনো ভাবি যে আরো কিছুদিন টি-টোয়েন্টি খেলে যেতে পারব। খেলা ছাড়ার পর আমার ভবিষ্যৎ কী? নিশ্চিত নই, তবে আশা করছি, খেলোয়াড় হিসেবে আরো কিছুটা সময় বাকি আছে। খেলায় অনেক কিছু অর্জন করেছি। গত ১৫ বছর বা তার কাছাকাছি সময়ের এই পথচলাটা দুর্দান্ত ছিল।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183758