ময়মনসিংহ মেডিকেলে আগুন : আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আগুন : আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন থেকে বাঁচতে আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পদদলিত হয়ে অজ্ঞাতপরিচয় এক শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিট থেকে ৬টা ২০ মিনিটের মধ্যে হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর হাসপাতালের জরুরি বিভাগে খোঁজ নিয়ে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়।

প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার বসী গ্রামের হাজেরা বেগম (৫০), ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের শাহজাহান (৪০), একই উপজেলার আহমদ আলীর ছেলে রমজান (৩৮), হোসেন আলীর ছেলে জাহানারা (৫০) এবং তারাকান্দা উপজেলার বালিখা গ্রামের কুলসুমা (৩৫)। নিহত অপর একজন অজ্ঞাতপরিচয় শিশু।

অভিযোগ উঠেছে, হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের সময় দ্রুত বের হওয়ার জন্য পর্যাপ্ত বহির্গমন ব্যবস্থা ছিল না। সংশ্লিষ্টদের দাবি, ভবনটিতে আরও চারটি সিঁড়ি থাকলেও সেগুলো নিয়মিত তালাবদ্ধ রাখা হয়। ফলে আগুন লাগার সময় রোগী ও স্বজনেরা একটিমাত্র সিঁড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করলে সেখানে তীব্র ভিড় ও হুড়োহুড়ির সৃষ্টি হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার সিঁড়িগুলো খুলে রাখার বিষয়ে অবগত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে জরুরি পরিস্থিতিতে বের হতে গিয়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183743