বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসা সংস্কার কাজ নিয়ে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জে হিলফুল ফুযুল নূরানী মাদ্রাসার সংস্কারের কাজের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় পৃথক ভাবে শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, গতকাল রোববার রাত ৯টার দিকে পৌর এলাকার নাগরবন্দর কালিপাড়া এলাকায় অবস্থিত হিলফুল ফুযুল নূরানী মাদ্রাসার সংস্কার কাজ পরিচালনা করছেন অত্র মাদ্রাসার মুহতামিম মো. আবু বক্কর সিদ্দিক সরকার। এই সময় ওই এলাকার সাবেক পৌর কাউন্সিলর ইয়াকুব আলীসহ ১০/১৫ জন চলমান সংস্কার কাজ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।
এতে উভয়পক্ষের নারীসহ ১০ জন আহত হয়। আহতরা হলেন মুক্তার হোসেন, মুঞ্জুয়ারা বেগম, আব্দুর রহিম, মনোয়ারা বেগম, রেহেনা বেগম, মিনারুল ইসলাম, রবিউল ইসলাম, আব্দুল বাছেদ, জামাল উদ্দিন ও হারুনুর রশিদ।
এব্যাপারে অত্র মাদ্রাসার মুহতামিম আবু বক্কর সিদ্দিক বলেন, দহিলা হাটপাড়া গ্রামের দাতা দাড়াজ উদ্দিন ৯শতক জমি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য দান করেছেন। ওই জমির উপর ২০০১ সালে জমি দাতাসহ স্থানীয় লোকজনের সহযোগিতায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।
৩০ জন শিক্ষার্থী নিয়ে মাদ্রসাটি পরিচালিত হয়ে আসছিলো। কিন্তু এই এলাকার কিছু মানুষের জন্য মাদ্রাসার শিক্ষার্থীরা অন্য মাদ্রাসায় ভর্তি হয়েছে। এদিকে সাবেক পৌর কাউন্সিলর ইয়াকুব আলী বলেন, এই এলাকার জনসাধারণের প্রচেষ্টায় উক্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। দু:খের বিষয় বর্তমানে মাদ্রাসায় একজন শিক্ষার্থীও ভর্তি নেই। যেহেতু শিক্ষার্থী নেই।
আমরা এলাকার সকলে মিলে উক্ত মাদ্রাসার শিক্ষার পরিবেশ তৈরি করে আধুনিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। তবেই হবে আমাদের স্বার্থকতা। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় উভয়পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183689