অভিনেতা ও সঙ্গীতশিল্পী মুকুল জামিল আর নেই

অভিনেতা ও সঙ্গীতশিল্পী মুকুল জামিল আর নেই

বিনোদন ডেস্ক : অভিনেতা ও সঙ্গীতশিল্পী মুকুল জামিল আর নেই। জানা গেছে, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে সংগীত ও অভিনয় অঙ্গনে শোক নেমে এসেছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন অভিনয় ও সংগীতাঙ্গনের অনেকেই। 

মুকুল জামিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অভিনয়শিল্পী সংঘ। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য মুকুল জামিল ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনটি তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে।

মুকুল জামিলকে স্মরণ করে সংগীতশিল্পী মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আমার প্রাণপ্রিয় ভাই মুকুল জামিল ভাই এভাবে হঠাৎ চলে যাবেন, এটা আমার জন্য প্রচণ্ড কষ্টের। দেখা হলেই আমাকে বুকে জড়িয়ে ধরতেন, কপালে চুমু দিতেন। মিলন আরও লিখেছেন, মুকুল ভাই ছিলেন একজন সংগীতশিল্পী। কিন্তু জীবনে প্রথমবার অভিনেতা হিসেবে আমার ‘সেলফি’ গানটিতে মজার ছলে তাকে মডেল হিসেবে নিয়েছিলাম। এরপর একে একে আমার অনেকগুলো গানে মুকুল ভাইকে অভিনেতা হিসেবে পেয়েছি।

ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি ঝোঁক ছিল মুকুল জামিলের। বোনের হাত ধরেই গানে আসেন তিনি। জীবনে ৩০টির বেশি মিক্স অ্যালবামে কাজ করেছেন মুকুল জামিল। তার একটি সলো অ্যালবাম রয়েছে, যার নাম ‘আমি তো এমনই’। মুকুল জামিলের বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘মন’, ‘আচ্ছা’, ‘বিলবোর্ড’, ‘ভালবাসার মানে’ ও ‘ফাগুনের হাওয়া’। এ ছাড়া তার ‘চায়ের চুমুকে’ গানটি এটিএন বাংলায় প্রচারিত হয়েছে।

সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন মুকুল জামিল। ‘ওয়েডিং বেলস’ (২০১৯), ‘আমানুষ’ (২০২২) ও ‘ছাত্রী বউ’ (২০২৪)-এর মতো চলচ্চিত্রে যুক্ত ছিলেন তিনি। এছাড়াও তিনি নাটকেও অভিনয় করেছেন। হঠাৎ তার চলে যাওয়ায় সংগীত ও অভিনয় দুই অঙ্গনেই নেমে এসেছে শোকের ছায়া।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183664