দিনাজপুরের বিরলে ১৩৯১ বস্তা সার জব্দ : ৪ ডিলারকে জরিমানা, গুদাম সিলগালা
বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে অবৈধভাবে রাসায়নিক সার মজুদের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ। অভিযানে মোট ১ হাজার ৩৯১ বস্তা অবৈধ সার জব্দ করা হয়েছে। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ সার ডিলারকে মোট ১ লাখ ২ হাজার টাকা জরিমানা এবং একটি সারের গুদাম সিলগালা করে দেওয়া হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের বিরল-বোচাগঞ্জ সড়কের পাশে মহাদেবপুর মাছুয়াপাড়া মোড়ে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলাম। অভিযানে মেসার্স শাহির ট্রেডার্স’র প্রোপ্রাইটর নাসিম ইকবাল খোকনকে অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। এসময় তার গুদাম থেকে ৭৮২ বস্তা সার জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে ৪৪৬ বস্তা টিএসপি, ২৭৬ বস্তা ডিএপি, ৪৬ বস্তা এমওপি এবং ১৪ বস্তা ইউরিয়া।
পরবর্তীতে একই রাতে পার্শ্ববর্তী এলাকায় লাইসেন্সবিহীন এক খুচরা বিক্রেতা মো. আলিমের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ১৭ বস্তা সার (৭ বস্তা টিএসপি, ৭ বস্তা এমওপি ও ৩ বস্তা ডিএপি) জব্দ করা হয় এবং তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, উপজেলার শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন। তিনি মেসার্স নবাব ট্রেডার্স’র প্রোপ্রাইটর মশিউর রহমানের নিবন্ধনবিহীন দুইটি ঘর থেকে অবৈধভাবে মজুদ করা ৮২ বস্তা সার জব্দ করেন। এর মধ্যে ৩২ বস্তা ডিএপি, ২৫ বস্তা ইউরিয়া এবং ২৫ বস্তা এমওপি সার রয়েছে। এ অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন চককাঞ্চন মোড়ে পৃথক আরেকটি অভিযান চালিয়ে বিসিআইসি ডিলার মেসার্স হাসেম ট্রেডার্সের প্রোপ্রাইটর হাসেমের ভাই জাহাঙ্গীর আলমকে ৫১০ বস্তা অবৈধ সারসহ আটক করা হয়। জব্দকৃত সারের মধ্যে ছিল ১০৩ বস্তা ডিএপি ও ৪০৭ বস্তা এমওপি। ভ্রাম্যমাণ আদালত তাকে ৪০ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন। অভিযান শেষে জব্দকৃত সব সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে উন্মুক্ত বিক্রির নির্দেশ দেওয়া হয়। সার বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য বিরল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আক্তার ও সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযান চলাকালীন বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আল এমরান, স্থানীয় ইউপি সচিব এবং ইউপি সদস্যগণ উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183640