রাজশাহীর চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পে ঘরবন্দি ২০ পরিবার
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী আশ্রয়ণ প্রকল্পের ২০টি পরিবারের দুর্ভোগ চরমে উঠেছে। যাতায়াতের জন্য আলাদা রাস্তা না থাকায় সামান্য বৃষ্টি ও বন্যার পানিতে প্রকল্পের ঘরগুলোর চারপাশ তলিয়ে যায়। এতে গত দুইদিন ধরে কয়েকটি পরিবার ঘরবন্দি হয়ে পড়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভূবনপাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘর থেকে বের হতে হলে পানি মাড়িয়ে যেতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে।
৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আয়নাল হক বাবু বলেন, আশ্রয়ণ প্রকল্পে ২০টি ঘর রয়েছে। এসব ঘরের আশপাশে পানি উঠে গেছে। ফলে বাসিন্দাদের ঘর থেকে বের হওয়া খুব কঠিন হয়ে পড়েছে। তবে চর আষাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম (ভোলা) বলেন, সেখানে বন্যার পানি ওঠেনি।
বৃষ্টির পানি জমে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে বন্যার পানি ওঠার সম্ভাবনাও খুবই কম। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান বলেন, চরবাসীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183620