রংপুরে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু ২৪ ঘণ্টায় ভর্তি ২০ জন
রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২ নারীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মিনারা বেগম(৪০) এবং অন্যজন জান্নাতি খাতুন বেসরকারি হাসপাতাল প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রমেকের আইসিইউ বিভাগের সহকারী অধ্যাপক ডা. তৌহিদুল ইসলাম।
হাসপাতাল সূত্রে জানা যায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে এসে মিনারা বেগম মেডিকেলে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মিনারা বেগমের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়।
অন্যদিকে মিঠাপুকুরের জান্নাতি বেগম ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি ঘটলে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মারা যান।
এদিকে, গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জন রোগী ভর্তি হয়েছে। এর আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183618