দিনাজপুরের পার্বতীপুরে আবারও বিদ্যুতের তার কেটে নিয়ে গেছে চোর
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে আবারো বিদ্যুতের তার কেটে নিয়ে গেছে চোরেরা। ফলে রাতভর সাংবাদিকের বাড়িসহ কয়েকটি বাড়ি ছিল অন্ধকারে। গতকাল শনিবার দিবাগত রাতে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর হুগলীপাড়া মহল্লার হুগলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাংবাদিক মনজুরুল আলমের বাড়ি সামনের পোল পর্যন্ত তার কেটে নিয়ে যায় চোরেরা। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে ঠিক করে দেয়।
সম্প্রতি রংপুরের বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তার চুরির সাথে জড়িত থাকার অভিযোগে হৃদয়(৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তি মোতাবেক গত ২৮ আগস্ট দুপুরে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, বদরগঞ্জ থানা পুলিশ ও পার্বতীপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে পার্বতীপুর পৌর শহরের আমিরগঞ্জ এলাকায় মাসুদ পারভেজের ভাঙাড়ির দোকানে অভিযান চালানো হয়।
অভিযানে ওই দোকান থেকে ১১৪ কেজি বৈদ্যুতিক তার এবং একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। শুধু দু’একজনকে গ্রেফতার করেই তদন্ত শেষ না করে চোরাই বৈদ্যুতিক তারের উৎস, সরবরাহকারী, ক্রেতা ও বিক্রেতাদের শনাক্ত করার দাবি জানায় স্থানীয় সচেতন মহল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183597