তরুণদের অভিনয় শেখাবেন মোশাররফ করিম
দীর্ঘদিন মঞ্চে অভিনয় করে পর্দায় নিজের আলাদা জায়গা তৈরি করেছেন মোশাররফ করিম। এবার সেই অভিজ্ঞতা নতুন প্রজন্মের অভিনয়প্রত্যাশীদের সঙ্গে শেয়ার করবেন। তার হাত ধরে অভিনয়ের চরিত্র নির্মাণ ও পেশাদার অভিনয়জীবন নিয়ে জানার সুযোগ পাবেন ৫০ জন।
আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে দিনব্যাপী অভিনয় কর্মশালা। একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালস আয়োজিত এই কর্মশালায় মোশাররফ করিমের পাশাপাশি থাকবেন নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ইউসুফ হাসান অর্ক।
দুই পর্বে সাজানো হয়েছে কর্মশালাটি। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম পর্বে ‘থিওরি অব অ্যাকটিং’ নিয়ে আলোচনা করবেন ইউসুফ হাসান অর্ক। দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে তিনি তুলে ধরবেন অভিনয় ও পারফরম্যান্সের মানসিক-শারীরিক প্রস্তুতি, ন্যাচারাল ও স্টাইলাইজড অভিনয়পদ্ধতি, চরিত্র নির্মাণে স্তানিস্লাভস্কির পদ্ধতি, টেম্পো, রিদম ও শারীরিক অভিব্যক্তি এবং অভিনয়ে মিউজিক্যালিটির ভূমিকা।
এরপর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে মোশাররফ করিমের মাস্টারক্লাস। ‘আর্ট অব অ্যাকটিং’ পর্বে নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে তিনি কথা বলবেন অভিনয়ের নানা দিক নিয়ে।
চরিত্রের জন্য মানসিক প্রস্তুতি থেকে শুরু করে চরিত্র বোঝা, চরিত্রের মধ্যে প্রবেশের পদ্ধতি এবং আবেগকে বিশ্বাসযোগ্য অভিনয়ে রূপ দেওয়ার কৌশল—এসব বিষয় থাকবে তার আলোচনায়। পাশাপাশি পরিচালকের নির্দেশনা বোঝা, নিজের অভিনয়ের সঙ্গে তা সমন্বয় করা এবং একজন পেশাদার অভিনেতা হিসেবে ক্যারিয়ার গড়ে তোলার বিষয়েও নিজের অভিজ্ঞতা তুলে ধরবেন তিনি।
মোশাররফ করিমের অভিনয়জীবনের শুরু অবশ্য ক্যামেরার সামনে নয়। মঞ্চনাটকের সঙ্গে তার সম্পৃক্ততা শুরু হয়েছিল আরো আগে। পরে ১৯৯৯ সালে ‘অতিথি’ নাটকের মাধ্যমে ভিজ্যুয়াল মিডিয়ায় যাত্রা শুরু করেন তিনি। দীর্ঘ এই পথচলায় নানা চরিত্র অভিনয় করে দর্শকের কাছে তৈরি করেছেন নিজের স্বতন্ত্র পরিচয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, নিবন্ধনের মাধ্যমে সর্বোচ্চ ৫০ জন এই কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। অভিনয়ের সঙ্গে যুক্ত কিংবা অভিনয়ে আগ্রহী ব্যক্তিদের জন্য কর্মশালাটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে উঠবে বলে মনে করছেন তারা।
কর্মশালার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন মোশাররফ করিম। তিনি বলেন, ‘বাংলাদেশে এই ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা আছে। বিশেষ করে নাটক, সিনেমায় যারা কাজ করতে চান তাদের জন্য নানা কার্যক্রম এখানে আছে। মূলত এক দিনের ক্লাস। এই ক্লাসগুলো করলে নানা জটিল বিষয় সরল হয়ে যাবে।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183596