নওগাঁর পোরশায় বিষাক্ত কীটনাশক স্প্রে করে কৃষকের জমির ধান নষ্ট করল দুর্বৃত্তরা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় বিষাক্ত কীটনাশক স্প্রে করে কৃষকের সাড়ে ৫বিঘা জমির আমন ধান নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার নিতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত সাবুরুদ্দীনের ছেলে কৃষক গাজিউর রহমানের জমিতে ঘটনাটি ঘটায় দুর্বৃত্তরা।
জমির মালিক কৃষক গাজিউর রহমান জানান, শ্রীকৃষ্ণপুর মৌজার সাড়ে ৫ বিঘা জমি সরকারিভাবে ১৯৮৯ সালে তিনি ও তার স্ত্রী তাসকেরা বেগমের নামে ৯৯ বছরের জন্য পত্তন নিয়েছেন। পত্তন নেওয়ার পর থেকে তারা ওই জমিতে প্রতি বছর চাষাবাদ করে আসছেন।
চলতি বছরেও তারা জমিতে আমন ধানের চারা রোপণ করেছিলেন। হঠাৎ রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তার জমিতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে ধান নষ্ট করে দিয়েছে। এতে তার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, এখনো কেউ কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তিনি দ্রুত ব্যবস্থা নিবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183594