চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গোডাউন থেকে বরাদ্দকৃত ৪৪০ বস্তা টিএসপি সার ট্রাকে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় আটক করেছে স্থানীয়রা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাটবোয়ালিয়া সড়কের চিৎলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পরে হাপানিয়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জব্দ সারসহ ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিপুল পরিমাণ সরকারি সার বৈধ কাগজপত্র ছাড়াই অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল।
এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ট্রাকটি আটক করেন। আটক ট্রাকটির (ঝিনাইদহ ট-১১-১১৪৫) চালানে পণ্যের বিবরণে টিএসপি সার, পরিবহনের পরিমাণসহ বিভিন্ন তথ্য হাতে লেখা ছিল।
তবে চালানের উল্লেখিত তথ্যের সঙ্গে আটক সার, ট্রাকের গন্তব্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যের কোনো মিল পাওয়া যায়নি।জব্দ করা সার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মুদি ব্যবসায়ী মিনারুল ইসলামের।
সার আটকের পর মিনারুল ইসলাম জানান, সারগুলো যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকে করে আনা হচ্ছিল। ইউনিয়নের কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে না পারায় নওয়াপাড়া থেকে সার এনে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল।
এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, সার পাচারের সঙ্গে জড়িত অভিযুক্ত মিনারুল ইসলামসহ জব্দ সার ও ট্রাকচালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183593