আবারও ঢাকার মঞ্চে আসছেন ওটিলিয়া
‘বিলিওনেরা’ গান দিয়ে বিশ্বজুড়ে ঝড় তোলা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়া আবারও কনসার্টে গাইতে ঢাকায় আসছেন।
সম্প্রতি ফেসবুকে এক স্ট্যাটাসে গায়িকা লেখেন, ‘ঢাকায় আপনারা কি তৈরি? আপনাদের দারুণ উন্মাদনাকে খুব মিস করেছি! আবারও আপনাদের জন্য গাইতে আমন্ত্রণ পেয়ে সত্যি অনেক আনন্দিত। সবার সাথে দেখা করতে এবং একসঙ্গে কিছু অবিশ্বাস্য স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা সইছে না!’
আয়োজক প্রতিষ্ঠান ‘ইমেকার্স বাংলাদেশ’ -এর উদ্যোগে আয়োজিত এই কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘ওটিলিয়া রিটার্নস: ওটিলিয়া বিলিওনেরা লাইভ ইন ঢাকা’।
ইমেকার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাইম আশরাফ বলেন, ‘ইমেকার্স বাংলাদেশ সবসময়ই চেষ্টা করে দর্শকদের জন্য এমন কিছু আয়োজন করতে, যা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে। এর আগে আমরা আরিজিৎ সিং, নেহা কাক্কার এবং নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্টের মতো বড় আয়োজন করেছি। এবার ‘Otilia Returns Bilionera Live in Dhaka’ আমাদের সেই ধারাবাহিকতারই একটি নতুন সংযোজন।’
তিনি বলেন, ‘আমরা চাই, বাংলাদেশের দর্শকরা প্রতিটি আয়োজনে আন্তর্জাতিক মানের বিনোদনের অভিজ্ঞতা পান। আশা করছি, ওটিলিয়ার এই আয়োজনটিও একটি সিগনেচার ইভেন্ট হিসেবে দর্শকদের মনে জায়গা করে নেবে।’
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের প্রথম সারির নিউজ চ্যানেল স্টার নিউজ। এছাড়া টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ‘আপন জুয়েলার্স’ এবং টিকিটিং পার্টনার হিসেবে রয়েছে ‘টিকিফাই’।
এর আগেও ঢাকায় এসে দর্শকদের মাতিয়েছিলেন ওটিলিয়া। দীর্ঘ বিরতির পর আবারও তার এই আগমনের খবরে বাংলাদেশি সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উন্মাদনা দেখা যাচ্ছে। খুব শিগগিরই কনসার্টের তারিখ, স্থান ও টিকিট ক্রয়ের বিস্তারিত তথ্য আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183589