জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে ৩ জনের কারাদণ্ড
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি সড়কের সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগে তিনজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। গতকাল রোববার দুপুরে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার রামনগর (আয়মারসুলপুর) গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মো. আলম (৫০), ছোটমানিক গ্রামের মৃত নবীন উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৫২) এবং রামনগর গ্রামের হবিবরের ছেলে আব্দুল মতিন।
জানা গেছে, পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামের লাল ব্রিজ এলাকায় সড়কের পাশের সরকারি গাছ অবৈধভাবে কাটা হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় সরকারি গাছ অবৈধভাবে কর্তনের অপরাধে তাদের তিন দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183576