গাড়ি চলাচলের পথ নেই, ভ্যানে সরঞ্জাম নিয়ে আগুন নেভাল ফায়ার সার্ভিস

গাড়ি চলাচলের পথ নেই, ভ্যানে সরঞ্জাম নিয়ে আগুন নেভাল ফায়ার সার্ভিস

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় উপযোগী রাস্তা না থাকায় ঘটনাস্থলের কাছাকাছি যেতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি। প্রায় এক কিলোমিটার দূরে গাড়ি রেখে ভ্যানগাড়িতে করে পাম্পসহ অগ্নিনির্বাপণ সরঞ্জাম ঘটনাস্থলে নিতে হয়েছে ফায়ার সার্ভিস সদস্যদের। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে অগ্নিকাণ্ডের খবর আসে। উপজেলার তন্তর ইউনিয়নের রোজদী গ্রামের সোহাগ আলী সরদারের কাঠ ও টিনের তৈরি বসতঘরে এ আগুনের সূত্রপাত হয়।

সংবাদ পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার স্টেশনের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার মতো রাস্তা না থাকায় প্রায় এক কিলোমিটার দূরে গাড়ি থামাতে হয়। পরে ভ্যানগাড়িতে করে পাম্পসহ প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম ঘটনাস্থলে নেওয়া হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এ ঘটনায় কোনো ব্যক্তি হতাহত হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত গ্যাসের চুলায় রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে বসতঘরের আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজ ও অন্যান্য ফার্নিচার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিতভাবে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, অসাবধানতাই অগ্নিকাণ্ডের অন্যতম প্রধান কারণ। রান্নার সময় হাতের কাছে পানি রাখতে হবে এবং রান্না শেষে অবশ্যই চুলা বন্ধ করতে হবে। পাশাপাশি প্রতিটি বাড়িতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখার পরামর্শ দেন তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183540