নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মকর্তা হত্যায় ৭ জনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জে আলোচিত গার্মেন্টস কর্মকর্তা সাখাওয়াত হোসেন শুভ্র হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় দেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—বাবুল সাহা জীবন (৪২), নাজমুল ইসলাম (৩৭), সঞ্জয় দাস (৩৯), মিলন (৪১), বশির (৪০), সমীর চন্দ্র মণ্ডল (৩৯) ও কাউছার (৪৩)।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, নিহত সাখাওয়াত হোসেন শুভ্র উত্তর নরসিংপুর এলাকায় অবস্থিত রফতানিমুখী গার্মেন্টস কারখানা প্লামি ফ্যাশনে চাকরি করতেন।
তিনি জানান, ২০১৭ সালের ১৫ আগস্ট শুভ্রর মোবাইল ফোনে কল করে তাকে ফতুল্লার মাসদাইরের আদর্শ স্কুলের উত্তর পাশের একটি নির্মাণাধীন ১২তলা ভবনের সপ্তম তলায় ডেকে নিয়ে যান শহরের দেওভোগ আখড়ার গণেশ সাহার বাড়ির ভাড়াটিয়া দানেশ সাহার ছেলে বাবুল সাহা জীবন। সেখানে জীবনের বন্ধু নাজমুল ইসলাম, সঞ্জয় দাস, মিলন, বশির, সমীর, কাউছারসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সেখানে আসামিরা শুভ্রর মাথার পেছনে ও সামনে আঘাত করে এবং পরে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ওইদিন রাত ৯টার দিকে শুভ্রর মরদেহ শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে রেখে তারা চলে যান।
হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বশির ও সমীর নিহত শুভ্রর মরদেহ হাসপাতালে রেখে যান। এ ঘটনায় শুভ্রর বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ওই মামলায় সাত আসামির বিরুদ্ধে আজ এ রায় দেন আদালত।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183526