দুইদিনে ১০৯ রাউন্ড গুলি উদ্ধার, মিঠাপুকুরের পর পার্বতীপুরে মিলল ৯২ রাউন্ড
রংপুর প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরের পর এবার দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। মাত্র দুই দিনের ব্যবধানে রংপুর ও দিনাজপুরে মোট ১০৯ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। কোথা থেকে এসব গুলি এলো, কারা এগুলো সেখানে ফেলে গেল এবং এর পেছনে কোনো অপরাধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না—তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত রংপুরে কর্মরত সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
র্যাব’র সিনিয়র এই সহকারী পরিচালক জানান, শনিবার রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান চালায় র্যাব-১৩ এর একটি দল। এসময় বদরগঞ্জ-পার্বতীপুরগামী সড়কে মালিকবিহীন দুটি ব্যাগ পড়ে থাকতে দেখে ব্যাগ দুটি তল্লাশি করে একটিতে ৫০ রাউন্ড এবং অপরটিতে ৪২ রাউন্ড মোট ৯২ রাউন্ড .২২ রিমফায়ার লং রাইফেলের গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব’র দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা গুলিগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়রি মূল্যে দিনাজপুরের পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে রংপুরের মিঠাপুকুরে পরিত্যক্ত অবস্থায় ১৭ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনা ঘটে। এর ফলে মাত্র দুই দিনে রংপুর বিভাগের দুটি এলাকায় মোট ১০৯ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, জনবহুল সড়কের পাশে বিপুল পরিমাণ গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়ার ঘটনা নিছক বিচ্ছিন্ন ঘটনা কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এসব গুলি কোথা থেকে এসেছে এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে পরিষ্কার করার দাবি জানিয়েছেন তারা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183519