২৪৩ আরোহী নিয়ে নিয়ে ইন্দোনেশিয়ায় জাহাজ নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বৈরী আবহাওয়ার মধ্যে স্থানীয় সময় আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থা।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কালিমান্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার খবর পায়। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বানজারমাসিনের দিকে যাওয়ার পথেই এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ৯২ মাইল বা ১৪৮ কিলোমিটার দূরে জাভা সাগরে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল।
বানজারমাসিন উদ্ধার সংস্থার অভিযান প্রধান আরিয়ান্তো আরদি জাহাজটি নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকারী দল সম্ভাব্য দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। এ ছাড়া ত্রিসাক্তিতে একটি প্রধান উদ্ধার কেন্দ্র স্থাপন করা হয়েছে।
জাহাজ পরিচালনাকারী সংস্থার বরাত দিয়ে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রাপথে জাহাজটি তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়েছিল। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183489