রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় আরিফা বেগম(২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের ছিল্লানির মাজার এলাকায় স্বামীর বাড়ির শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। আরিফা দক্ষিণ কোলকোন্দ চিল্লানির মাজার এলাকার শামীম মিয়ার স্ত্রী। আরিফা এক সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শয়নকক্ষের তীরের সাথে ওড়না পেঁচানো অবস্থায় আরিফার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিয়ের পর বিভিন্ন সময়ে যৌতুকের জন্য তাকে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ পরিবারের। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে যৌতুক হিসেবে ২ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

আরিফার মা রওশন বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়েকে ওরা হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। তিনি আরও বলেন, তার নাতনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183476