বগুড়ার সোনাতলায় সাংবাদিককে আটকে রেখে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার সোনাতলায় সাংবাদিককে আটকে রেখে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : বগুড়ার সোনাতলা উপজেলায় পেশাগত দায়িত্ব পালনে অবৈধ বিদ্যুৎ সংযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে সারারাত আটকে রেখে শারীরিক নির্যাতন, প্রাণনাশের হুমকি, জোরপূর্বক স্বীকারোক্তি গ্রহণ এবং চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাপ্তাহিক ‘এশিয়া বার্তা’ ও ‘দৈনিক প্রভাতী বাংলাদেশ’-এর সোনাতলা উপজেলা প্রতিনিধি মো: মহিদুল ইসলাম এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মহিদুল ইসলাম জানান, গত ৩১ আগস্ট স্থানীয় এক পশু চিকিৎসকের দেওয়া তথ্যের ভিত্তিতে তেকানী চড় এলাকা (চরখাবালিয়া ইউনিয়ন) থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগের ভিডিও ধারণ করতে গেলে সালজার মিস্ত্রি, তার ছেলে শাহাবুদ্দিন ও সবুজসহ স্থানীয় কয়েকজন তাকে ডাকাত আখ্যা দিয়ে হাত-পা বেঁধে সারারাত নির্যাতন চালায়।

পরবর্তীসময়ে জোরপূর্বক তার কাছ থেকে অসত্য বক্তব্য রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুয়া সাংবাদিক’ হিসেবে ছড়িয়ে দেওয়া হয়। এবং ১ সেপ্টেম্বর মগিহদুলের মুক্তির বিনিময়ে তার পরিবারের কাছে ৩ লাখ ৪০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

এ সময় তার বড় ভাই ওয়েস কুরকুনী ৪০ হাজার টাকা প্রদান করলে বাকি ৩ লাখ টাকার জন্য একটি ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে মহিদুল ইসলাম জানান, তিনি এ বিষয়ে মামলা করবেন। মামলা হলে সুস্থ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183472