হিলিতে বিয়ের দাবিতে তরুণীর অনশন টাকা নিয়ে মীমাংসা চেষ্টার অভিযোগ

হিলিতে বিয়ের দাবিতে তরুণীর অনশন টাকা নিয়ে মীমাংসা চেষ্টার অভিযোগ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিয়ের দাবিতে দিনাজপুরের হাকিমপুরে (হিলি) প্রেমিকের বাড়ির সামনে অনশন করছেন (১৮) বছর বয়সী এক তরুণী। দুই দিন ধরে অনশন করলেও এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। এদিকে বিয়ে ছাড়াই টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা এবং প্রেমিককে বাড়ি থেকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট নেতারা।

অনশনরত ওই তরুণী জানান, হাইস্কুলে পড়াশোনার সময় একই উপজেলার ঘাসুড়িয়া গ্রামের ইব্রাহীম সরকারের ছেলে ইমন হোসেনের সাথে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ইমন তাকে বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন । তার দাবি, সর্ম্পকের শুরু থেকেই ইমন তাকে বিয়ের আশ্বাস দিয়ে আসছিলেন।

তবে এখন তিনি বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। এ কারণে গত বৃহস্পতিবার দুপুরে ইমনের বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানান তিনি। তার অভিযোগ, এসময় ইমনের মা তাকে বাড়ি থেকে বের করে দেন। পরে বাধ্য হয়ে তিনি ওই বাড়ির সামনেই অনশন শুরু করেন।

তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় ২ বিএনপি নেতা ইমনের পরিবারের পক্ষ নিয়ে তাকে বাড়ি থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। এমনকি তার পরিবারকে টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

খট্টামাধবপাড়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোবারক আলী বলেন, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ে না করায় মেয়েটি বিয়ের দাবিতে অনশন করছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে ছেলের পরিবারের পক্ষ থেকে তেমন গুরুত্ব না দেওয়ায় এখনও কোনো সুরাহা করা সম্ভব হয়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183463