আত্রাই নদীতে সৌতিজাল দিয়ে বাঁধ নৌ চলাচল ব্যাহত

আত্রাই নদীতে সৌতিজাল দিয়ে বাঁধ নৌ চলাচল ব্যাহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর ভাটোপাড়া এলাকায় আত্রাই নদীতে সৌতি জাল দিয়ে বাঁধ তৈরি করে মাছ শিকারের অভিযোগ উঠেছে। এদিকে নদীর পানিপ্রবাহের ওপর আড়াআড়িভাবে বাঁধ এবং দীর্ঘ জাল স্থাপন করায় স্বাভাবিক নৌ চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, নদীতে এভাবে সৌতি জাল দিয়ে বাঁধ দেওয়ার ফলে শুধু নৌ চলাচলই বাধাগ্রস্ত হচ্ছে না, পানির স্বাভাবিক প্রবাহও ব্যাহত হচ্ছে। একইসাথে নির্বিচারে মাছ ধরায় নদীর মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদী ভাঙনের আশঙ্কা তৈরি হচ্ছে।

চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, নদীর স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করতে অবৈধ বা প্রতিবন্ধকতামূলক সৌতি জাল অপসারণ এবং এরসাথে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের সুদৃষ্টি প্রদান করা প্রয়োজন।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহাদাত হোসেন জানান, নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। এ বিষয়ে দ্রুত উপজেলা প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183449