বগুড়ার শেরপুরে অবৈধভাবে মজুদ করা ৫৪ বস্তা ডিএপি সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে অবৈধভাবে মজুদ করা ৫৪ বস্তা ডিএপি সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

গত শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের নাইশিমুল বাজারে অভিযান চালিয়ে ৫৪ বস্তা ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার জব্দ এবং অর্থ জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে সার মজুদ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নাইশিমুল বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু।

এ সময় অবৈধভাবে সার মজুদ রাখার সত্যতা মেলায় অভিযুক্ত ব্যবসায়ী মো. নবীন উদ্দিনকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ শেরপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন।

অভিযান চলাকালে স্থানীয় কৃষকদের তীব্র চাহিদা ও অনুনয়-বিনয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে জব্দ করা সার নির্ধারিত ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমু বলেন, কৃত্রিমভাবে সার সংকট তৈরি করে কৃষকদের জিম্মি করার কোনো সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে ও কৃষকদের সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183446