বগুড়ার লামিয়া বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের দক্ষিণ শৈলালপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে লামিয়া বেকারি নামে একটি প্রতিষ্ঠানের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বেকারিটি সাময়িকভাবে সিলগালা করা হয়। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দেখা যায়, বেকারিটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছে। সেখানে পচা ও ভাঙা ডিম, পোড়া তেল এবং খাবারে অননুমোদিত নন-ফুড গ্রেড রঙ ব্যবহার করা হচ্ছিল। এছাড়া অপরিস্কার টেবিলে ময়দার ডো তৈরি, ময়লাযুক্ত মেঝেতে খাদ্য সংরক্ষণ এবং পণ্যের মোড়কে মিথ্যা তথ্য ব্যবহারের প্রমাণ পায় আভিযানিক দল।
এসব অপরাধে তাৎক্ষণিকভাবে বেকারিটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আইন ও বিধি অনুযায়ী কারখানাটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশের একটি টিম।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183423