সিপিএলে ৪ উইকেট নিয়ে রহস্য ফাঁস করলেন মিরাজ

সিপিএলে ৪ উইকেট নিয়ে রহস্য ফাঁস করলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথমবার খেলতে গিয়েই বাজিমাত করছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে নিয়েছেন ৪ উইকেট। তার এই কীর্তিতে ৮ বল ও ৬ উইকেট হাতে রেখে অনায়াস জয় তুলে নিয়েছে তার দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

ত্রিনবাগোর ইনিংসে প্রথম ধাক্কাটা দিয়েছেন মিরাজই। শুরুটা করেন ২ বলে ২ উইকেট নিয়ে। ১৫ বলে ২৬ রান করা কলিন মুনরোকে বোল্ড করে ফেরান সাজঘরে। পরের বলে বোল্ড করেন নিকলাস পুরানকে। ইনিংসের ১৩তম ওভারে ফিরে এসে জিড গুলিকে গুগলিতে বিভ্রান্ত করে বোল্ড করেন। পরের ওভারে সুনীল নারাইনকেও বোল্ড করে বিদায় করেন। বোলিং শেষ করেন ২৩ রানে ৪ উইকেট নিয়ে।

প্রথম ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন মিরাজ। আজ ২৪ রানে ৪ উইকেট নেওয়ার পর তার বোলিং গড় দাঁড়িয়েছে মোটে ৫.১৫-এ। সিপিএলে এমন ভালো বোলিং গড় আর কারও নেই। সবশেষ এই পারফরম্যান্সের কারণে তিনি হয়েছেন ম্যাচসেরা।

পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য একটি দারুণ মুহূর্ত। আমি প্রথমবারের মতো সিপিএল খেলছি এবং ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছি। ম্যাচটি আমি দারুণ উপভোগ করেছি।’

কীভাবে এমন সাফল্য পাচ্ছেন মিরাজ? জানালেন নিজেই, ‘আমি সঠিক জায়গায় বল করার এবং উইকেট নেওয়ার চেষ্টা করেছি। আমি জানতাম উইকেট কিছুটা টার্নিং ছিল এবং এটা স্পিনারদের সাহায্য করবে।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘বার্বাডোসের বিপক্ষে আমাদের আরও একটি ম্যাচ বাকি আছে, এটা চ্যালেঞ্জিং আশা করি জিততে পারব। এরপর প্লে-অফ আছে সেখানে দুইটা ম্যাচ আছে জিতলে ফাইনালে যাব। আশা করছি আমরা পরের ম্যাচ জিততে পারব।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183418