২০৩০ বিশ্বকাপের ফাইনাল যেখানে চান মরিনিও

২০৩০ বিশ্বকাপের ফাইনাল যেখানে চান মরিনিও

স্পোর্টস ডেস্ক : ২০৩০ বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে, তা নিয়ে এখনই শুরু হয়ে গেছে জোর আলোচনা। মূল তিন স্বাগতিক স্পেন, মরক্কো ও পর্তুগালের মধ্যে ফাইনাল আয়োজনের দৌড়ে স্পেনের মাদ্রিদ ও মরক্কো এগিয়ে থাকলেও পর্তুগিজ কোচ জোসে মরিনিওর পছন্দটা একটু অন্যরকম। জন্মভূমির টানে প্রথমে লিসবনের কথা বললেও নিরপেক্ষ দৃষ্টিতে শেষ পর্যন্ত মাদ্রিদের পক্ষেই মত দিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ।

২০২৬ বিশ্বকাপ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি। এরই মধ্যে ২০৩০ বিশ্বকাপকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। শতবর্ষের বিশ্বকাপটি হবে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে। টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে মোট ছয়টি দেশে। এর মধ্যে বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে হবে একটি করে ম্যাচ। বাকি ম্যাচগুলোর আয়োজক স্পেন, মরক্কো ও পর্তুগাল। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন ফাইনাল নিয়ে। মূল তিন স্বাগতিকের মধ্যে স্পেন ও মরক্কো ফাইনাল আয়োজনের জন্য জোর চেষ্টা চালাচ্ছে। এত দিন এ দৌড়ে এগিয়ে ছিল স্পেনের রাজধানী মাদ্রিদ, বিশেষ করে রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক মাঠ সান্তিয়াগো বার্নাব্যু। 

তবে সম্প্রতি এ পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছেন মরক্কো ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা। তার দাবি, ২০৩০ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে মরক্কোতে। এরপরই স্পেনে শুরু হয়েছে তীব্র সমালোচনা। স্পেনের ক্রীড়া সংবাদমাধ্যম এএস এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) মাদ্রিদে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিওর কাছে জানতে চাওয়া হয়। তাকে প্রশ্ন করা হয়, তিনি বিশ্বকাপের ফাইনাল কোথায় দেখতে চান? হেসে মরিনিও বলেন, ‘ফাইনালটি কোথায় হওয়া উচিত আর আমি কোথায় দেখতে চাই, দুই বিষয়। আমাকে মাফ করবেন (হাসি), আমি চাই লিসবনে হোক।’

মরিনিও পর্তুগালের মানুষ। তাই তার এমন পছন্দের পেছনে জন্মভূমির আবেগ থাকাটাই স্বাভাবিক। তবে বাস্তবতা সম্পর্কে ভালোভাবেই অবগত রিয়াল কোচ। পর্তুগালের রাজধানী লিসবনে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হওয়ার সম্ভাবনা যে খুব বেশি নয়, সেটিও তিনি জানেন। তাই হাসির রেশ কাটিয়ে নিজের নিরপেক্ষ মতটাও পরিষ্কার করেছেন মরিনিও। বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নয়, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমার উত্তর হলো, যদি আপনার এমন এক ঐতিহাসিক স্টেডিয়ামে খেলার সুযোগ থাকে যেখানে বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়রা খেলেছেন...তাহলে ফাইনাল মাদ্রিদেই হওয়া উচিত।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183386