ব্রিকস সম্মেলনে অংশ নিতে সাত বছর পর নয়াদিল্লির পথে চীনা প্রেসিডেন্ট

ব্রিকস সম্মেলনে অংশ নিতে সাত বছর পর নয়াদিল্লির পথে চীনা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন, চলবে আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত। সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার চীনা প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হওয়ারও কথা রয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রায় সাত বছর পর ভারত সফর করছেন শি জিনপিং। মোদির আমন্ত্রণে শনিবার ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিনি বেইজিং ছাড়েন। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের পর এই প্রথম ভারত সফর করছেন শি জিনপিং। ওই ঘটনার পর কয়েক মাস দুই দেশের সম্পর্কে তীব্র টানাপোড়েন তৈরি হয়েছিল। পরে সম্পর্কে কিছুটা উষ্ণতা ফিরে আসে এবং কাজান ও তিয়ানজিনে মোদির সঙ্গে বৈঠক করেন শি।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি জিনপিং ইতোমধ্যে বেইজিং ছেড়েছেন। ভারতীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে তার নয়াদিল্লিতে পৌঁছানোর কথা । শির সঙ্গে থাকা প্রতিনিধিদলে রয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক সাই চি এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 

প্রধানমন্ত্রী মোদি ও শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে হওয়ার কথা রয়েছে। এর আগে মোদি-শি বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে জানান, কাজান ও তিয়ানজিনে বৈঠকের পর টানা তৃতীয় বছর দুই নেতা সাক্ষাৎ সরাসরি সাক্ষাৎ করতে যাচ্ছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183373