সিপিএলে মিরাজের দুর্দান্ত বোলিংয়ে গায়ানার জয়

সিপিএলে মিরাজের দুর্দান্ত বোলিংয়ে গায়ানার জয়

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন মেহেদী হাসান মিরাজ। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে তুলে নিলেন ৪ উইকেট।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং বেছে নেন গায়ানার অধিনায়ক ইমরান তাহির। শুরুটা অবশ্য ভালোই করেছিল ত্রিনবাগো। কলিন মুনরো ও অ্যালেক্স হেলসের ব্যাটে আসে দ্রুত রান। তবে ২৬ রানে মুনরোকে ফিরিয়ে গায়ানাকে প্রথম সাফল্য এনে দেন মিরাজ।

পরের বলেই নিকোলাস পুরানকে বোল্ড করে দেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এক ওভারে জোড়া উইকেট নিয়ে ত্রিনবাগোর ব্যাটিংয়ে বড় ধাক্কা দেন তিনি।

দ্বিতীয় ওভারে উইকেট না পেলেও নিজের তৃতীয় ওভারে আবারও সাফল্য পান মিরাজ। এরপর ইনিংসের শেষ ওভারে সুনীল নারাইনকে বোল্ড করে পূর্ণ করেন ৪ উইকেট। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে বল হাতে মিরাজের পারফরম্যান্স ছিল দুরন্ত। গায়ানার হয়ে শামার জোসেফ নেন ২ উইকেট। 

ত্রিনবাগোর ব্যাটসম্যানদের মধ্যে জাস্টিন গ্রিভস করেন সর্বোচ্চ ৩৫ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে দলটি।

জবাবে গায়ানাও শুরুতে খুব একটা দ্রুত রান তুলতে পারেনি। গ্লেন ফিলিপস ও মাভেন্দ্র দয়াল ২২ রানের উদ্বোধনী জুটি গড়েন। পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৩৫ রান তুলে লক্ষ্যের পথে এগোতে থাকে গায়ানা।

ফিলিপস ১১ রানে ফেরার পর শাই হোপের সঙ্গে জুটি বাঁধেন হেটমায়ার। দুজন মিলে যোগ করেন ৪৯ রান। ১৯ বলে ৩ ছক্কায় ২৮ রান করে হেটমায়ার ফিরলে ক্রিজে আসেন মিরাজ।

বল হাতে যিনি ত্রিনবাগোর ব্যাটসম্যানদের নাকাল করেছিলেন, ব্যাট হাতে সেই মিরাজই হতাশ করেন দলকে। ১৪ বল খেলে মাত্র ২ রান করে ফিরে যান তিনি।

তবে তাতে গায়ানার জয় থামেনি। শাই হোপ ও কুয়েন্টিন স্যাম্পসনের ব্যাটে ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। ৩৫ বলে ১ চার ও ২ ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন হোপ। স্যাম্পসন অপরাজিত থাকেন ১২ রানে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183362