বগুড়ায় শাকিল হত্যা মামলায় কিশোর গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় শাকিল হত্যা মামলার প্রধান আসামি এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২,বগুড়া এবং র্যাব-১১, নরসিংদি’র সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে,নরসিংদী জেলার শিবপুর মডেল থানাধীন গ্রামীন হোটেল এন্ড রেস্টুরেন্ট’র সামনে অভিযান চালিয়ে শাকিল হত্যা মামলার প্রধান আসামি কিশোর মো. হানিফ মিয়া (১৭)কে গ্রেফতার করা হয়। তাকে বগুড়ার সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য,পূর্ব বিরোধের জের ধরে গত ২৯ আগষ্ট বিকেল ৩টার দিকে সোনাতলা উপজেলার দক্ষিণ বয়ড়া এলাকায় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে শাকিলকে ঘিরে ধরে এবং মারধর করে গুরুতর আহত করে। এসময় আসামি হানিফ মেহগনি গাছের ডাল দিয়ে শাকিলের মাথায় হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম করে।
পরে শাকিলের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় শাকিলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ আগষ্ট সন্ধ্যা পৌনে ৭টায় তিনি মারা যায়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183310