নতুন ‘লজ্জা’য় নুসরাত ফারিয়া

নতুন ‘লজ্জা’য় নুসরাত ফারিয়া

গ্ল্যামার ও অভিনয় দিয়ে দুই বাংলার দর্শকের কাছে পরিচিত নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি গানেও দেখা যায় তাকে। ফুয়াদ আল মুক্তাদিরের সুরে তার গাওয়া ফোক-পপ ঘরানার গান ‘লোকে বলে’ দর্শক-শ্রোতার প্রশংসা পেয়েছে। এছাড়া বর্তমানে ব্যস্ত রয়েছেন মেহেদী হাসান পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’ নিয়ে। এর শুটিংও শেষ পর্যায়ে। কেবল একটি গানের দৃশ্যধারণ বাকি রয়েছে। সেটির কাজ শেষ হলেই পুরো শুটিং শেষ হবে। ওয়েব ফিল্মটি আগামী অক্টোবরে আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এবার নতুন সিনেমায় যুক্ত হলেন এ অভিনেত্রী।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘লজ্জা’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া। এমএইচ খোকনের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটির গল্প লিখেছেন আবদুল আজিজ।

গত শনিবার চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত হয় ‘লজ্জা’ সিনেমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজসহ প্রযোজনাসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০ সেপ্টেম্বর থেকে ‘লজ্জা’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়েছে। এরপর ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনেও এটি দেখা যাবে।

 

সিনেমাটির গল্প কিংবা এতে নুসরাত ফারিয়ার চরিত্র নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি নির্মাতা ও প্রযোজনাসংশ্লিষ্টরা। তবে গল্পের ধরন নিয়ে সংক্ষিপ্ত মন্তব্য করেছেন আবদুল আজিজ। তিনি বলেন, ‘এটা একটা সমাজসচেতনতামূলক গল্পের ছবি। মুক্তির তারিখ এখনো ঠিক করিনি।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183297