নওগাঁয় নারীসহ হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার

নওগাঁয় নারীসহ হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় এক স্কুল শিক্ষককে বাসায় ডেকে নিয়ে মারধরের ভয় দেখিয়ে টাকা আদায় এবং জোর করে স্ট্যাম্প ও চেকে সাক্ষর নেওয়ার অভিযোগে কথিত হানিট্র্যাপ চক্রের এক নারী সদস্যসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পুলিশ মিডিয়া সেলে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলো- নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি পূর্বপাড়ার মোছা. চামেলী আক্তার মিলি(৪৫), আত্রাই উপজেলার বেড়াহাসন এলাকার রাকিব হাসান(২৯), বদলগাছী উপজেলার নিহনপুর পূর্বপাড়ার সোহরাব হোসেন(২৬) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ফুটানিগঞ্জ এলাকার নাঈম হোসেন(২৫)।

জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর থানার এক স্কুলশিক্ষকের সাথে পূর্বপরিচিত ছিলেন চামেলী আক্তার মিলি। প্রয়োজনের সময় তাদের মধ্যে মুঠোফোনে কথা হতো। গত ২৫ আগস্ট বিকেল সাড়ে পাঁচটায় মিলি ওই শিক্ষককে ফোন করে জরুরি কথা আছে জানিয়ে নওগাঁ শহরে তার বাসায় আসতে বলেন। সেখানে যাওয়ার পর মিলিসহ আরও দুই-তিনজন ব্যক্তি তাকে আটক করেন। একপর্যায়ে মারধরের ভয় দেখিয়ে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হয়। পরে ৩শ’ টাকার একটি সাদা স্ট্যাম্পে সাক্ষর এবং দুই লাখ টাকার একটি চেক লিখে নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে নওগাঁ সদর থানায় মামলা করা হয়। প্রায় এক সপ্তাহের অভিযানের পর পুলিশ চার সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের কাছ থেকে সাক্ষর নেওয়া স্ট্যাম্প ও দুই লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চক্রটির সাথে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183245