পিলখানার ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানার ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই- বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিদ্রোহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পর আইন ও বিধি অনুযায়ী বিভাগীয় স্পেশাল কোর্ট এবং প্রশাসনিক প্রক্রিয়ার বিচার ব্যবস্থার মাধ্যমে তদন্ত পরিচালনা করে অপরাধীদের শনাক্ত করা হয়। উক্ত বিচারে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সর্বমোট ৮ হাজার ৭৯৬ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছিল। সম্পূর্ণ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে কেবল দোষী সাব্যস্তদেরই শাস্তি দেওয়া হয়েছে এবং কোনো নিরাপরাধ সদস্য শাস্তি পান নি। আইনানুযায়ী চাকরিচ্যুত এসব সদস্যদের আর নতুন করে চাকরিতে পুনর্বহালের সুযোগ নেই।


জাতীয় সংসদে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ -ছবি : সংগৃহীত

একই দিনে সংসদে অন্য এমপিদের লিখিত প্রশ্নের জবাবে দেশের আইনশৃঙ্খলা ও সীমান্ত নিরাপত্তার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পুরো ঢাকা মহানগরীকে নিরাপদ রাখতে সিসিটিভি নজরদারি ব্যবস্থার একটি নতুন ডিপিপি পুনর্গঠনের কাজ দ্রুত এগিয়ে চলছে। কোস্ট গার্ডের গবেষণা ও সক্ষমতা বাড়াতে পাঁচটি ইনশোর প্যাট্রোল ভেসেল নির্মাণ এবং সিআরডিসি প্রতিষ্ঠার প্রক্রিয়া চলমান রয়েছে।মাদক পাচার রোধে চলতি ২০২৬ সালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ১ হাজার ২১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভারত ও মিয়ানমার সীমান্তে থার্মাল ক্যামেরা এবং ড্রোনের ব্যবহারের পাশাপাশি আগামী ৫ বছরের পরিকল্পনায় বিমানবন্দর, নৌবন্দর ও বাস টার্মিনালগুলোতে অত্যাধুনিক এক্স-রে ও স্ক্যানার মেশিন বসানো হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183244