রামেক হাসপাতালে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু
রাজশাহী ও সিরাজগঞ্জ প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে জিৎ সরকার(২২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। জিৎ সরকার নাটোরের বনপাড়ার বাসিন্দা ও কলেজ শিক্ষার্থী। এদিকে রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জন এবং সিরাজগঞ্জে ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানান, ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জিৎ সরকারের মৃত্যু হয়েছে। জিৎ গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রামেক হাসপাতালে ভর্তি হন। পরদিন ৯ সেপ্টেম্বর সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের ডেঙ্গু তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র (ডিসচার্জ) পেয়েছেন ২৪ জন। এসময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসাধীন ভর্তি রোগীর সংখ্যা ৬৪ জন।
হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৯ জন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১০৮১ জন। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমিন।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মির্জা মো. হুমায়ুন কবীর বলেন, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। কাজিপুর ১০, রায়গঞ্জ ১, তাড়াশ ১, শাহজাদপুর ১, বেলকুচি ২, সিরাজগঞ্জ মেডিকেল হাসপাতাল ৩ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183236