রাজ কাপুর স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’ পেলেন রানি মুখার্জি
ভারতীয় চলচ্চিত্রে প্রায় তিন দশকের নিরবচ্ছিন্ন ও অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঐতিহ্যবাহী ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ‘রাজ কাপুর স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মুম্বাইয়ে অনুষ্ঠিত এ জমকালো আয়োজনে সবুজ রঙের লাল পাড় শাড়ি, মাথায় গাজরা ও গলায় মঙ্গলসূত্রের ঐতিহ্যবাহী সাজে উপস্থিত হয়ে সবার নজর কাড়েন তিনি।
পুরস্কার গ্রহণের পর মঞ্চে দাঁড়িয়ে মারাঠি ভাষায় বক্তব্য দিয়ে পুরো মিলনায়তনকে চমকে দেন রানি। মুম্বাইকে নিজের জন্মস্থান ও অভিনয় জীবনের মূল ভিত্তি উল্লেখ করে তিনি জানান, এ শহরই তাকে সাফল্য ও ব্যর্থতা মোকাবেলার গুরুত্বপূর্ণ পাঠ শিখিয়েছে। সম্প্রতি মহারাষ্ট্রে মারাঠি ভাষা ও সামাজিক-সাংস্কৃতিক পরিচয় নিয়ে চলমান আলোচনার মধ্যে স্থানীয় ভাষায় তার এই চমৎকার উপস্থাপন উপস্থিত দর্শক ও অতিথিদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়ায়। গুণী এই অভিনেত্রীর পাশাপাশি দেশের বিনোদন জগতের আরও কয়েকজন প্রবীণ ও বিশিষ্ট ব্যক্তিত্বকেও এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183232