ফিলিপাইনে চলন্ত ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০

ফিলিপাইনে চলন্ত ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে পশ্চিমাঞ্চলীয় পালাওয়ান দ্বীপের কাছে একটি ফেরিতে আগুন লেগে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ফেরিটির ৮০ জনেরও বেশি আরোহী। খবর : রয়টার্স।

বৃহস্পতিবার দেশটির কোস্ট গার্ড জানায়, বুধবার রাতে পালাওয়ানের করোন উপকূলে এমভি জুন অ্যাস্টার নামে একটি ফেরিতে আগুন লেগে যায়। ফেরিটি থেকে রাতে ৪৩ জনকে উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবিয়াব গণমাধ্যমকে জানিয়েছেন, ফেরিটির আরোহীর তালিকায় ১১৭ জন যাত্রী এবং ১৭ জন নাবিকের নাম ছিল। সেই হিসাবে ৮০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। তিনি জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

ফেরিটি ম্যানিলার বেসেকো থেকে ছেড়ে করোনের উদ্দেশে যাচ্ছিল। কোস্ট গার্ডের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ফেরির বিভিন্ন অংশ আগুন জ্বলছে এবং উদ্ধারকর্মীরা মৃতদেহগুলো বডি ব্যাগে রাখছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183184