পুলিশের ঊর্ধ্বতন সাত কর্মকর্তার বদলি ও পদায়ন
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান সাক্ষরিত প্রজ্ঞাপনে পাঁচ কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ২০ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করে অতিরিক্ত পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তাকে মাগুরার সদর সার্কেলে বদলি করা হয়েছিল। এছাড়া অপর এক প্রজ্ঞাপনে ফারিয়া আফরোজকে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে বদলি করে অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর) পদে পদায়ন করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183175