নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মাদকসেবীদের আস্তানা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের দুইটি পরিত্যক্ত পুরাতন ভবন মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে। ফলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিষ্ঠান চলাকালীন মাঠে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।
এতে করে প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মাদকসেবীদের অবাধে চলাফেলার কারণে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা রয়েছে চরম আতঙ্কে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার প্রতিষ্ঠানের অভ্যন্তরের দুুইটি পরিত্যক্ত ভবনে মাদকের আড্ডা বন্ধে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় দেওয়া অভিযোগে বলা হয়েছে, সৈয়দপুরে শহরের সাহেবপাড়া এলাকার অবস্থিত বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়টি বিগত ১৯৬৩ সালে স্থাপিত হয়েছে। ঐতিহ্যবাহী ও প্রাচীনতম এ বিদ্যালয়টিতে বর্তমানে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন। আর বিদ্যালয়টিতে কর্মরত রয়েছে ১৬ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী।
প্রতিবছর পাবলিক পরীক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানরটির ফলাফলও আশানুরূপ এবং সন্তোষজনক। বিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যন্তরে পশ্চিম প্রান্তে দুইটি পরিত্যক্ত পাকা পুরাতন ভবন রয়েছে। এসব পরিত্যক্ত পুরাতন ভবন সেই বৃটিশ আমলে তৈরি। বর্তমানে তা একেবারে জরাজীর্ণ হয়ে পড়েছে।
ফলে শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহারের অনুপযোগী হওয়ার কারণে ভবন দুইটিতে প্রতিনিয়ত বহিরাগত মাদকসেবীরা ঢুকে আড্ডা দেয় ও মাদকসেবনের আস্তানা গড়ে তুলেছে। এমন কি মাদকসেবীরা প্রকাশ্যে বিদ্যালয়ের কর্মচারীদের নানা রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি ধমকি প্রদর্শন করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় অনেকটাই নিরূপায় হয়ে সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সৈয়দপুর থানার অফিষার ইনচার্জ (ওসি) বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, অভিযোগ পাওয়ার পরে সেখানে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুইজন মাদকসেবীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183146