লালমনিরহাটে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার ৬
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মেসেরঘাট সীমান্ত এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলনকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা দেওয়া ও বিজিবি সদস্যদের সাথে অসংলগ্ন আচরণের অভিযোগে একটি রাজনৈতিক দলের চার নেতাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দায়ের করা মামলায় আজ বুধবার (৯ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-বুড়িমারী এলাকার রফিকুল ইসলাম(৫০), একই এলাকার আইয়ুব আলী(৫০), আবু সাঈম(২৮), মতি রহমান(৪০) এবং নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের শাহাদাত হোসেন(৪০) ও দুলাল মিয়া(৪৮)।
মামলার বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার রাতে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের বাউরা ডাঙ্গাটারী ক্যাম্পের একটি টহল দল বাউরা বাজার এলাকায় টহল দেওয়ার সময় দুইটি অটোভ্যানে অবৈধভাবে উত্তোলিত বালু-পাথর ও ড্রেজার মেশিন বহনের দৃশ্য দেখতে পায়। বিজিবি সদস্যরা অটোভ্যানসহ ড্রেজার মেশিন, পাইপ ও ড্রাম জব্দ করে কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে নিয়ে যান।
পরবর্তীতে রাত ১টা ১০ মিনিটে আটককৃত সরঞ্জামগুলোর মালিকেরা কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে উপস্থিত হয়ে জব্দকৃত মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় সরকারি স্থাপনা বিজিবি ক্যাম্পের নিরাপত্তা বিঘ্নিত করা, সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। পরবর্তীতে ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে ১টি ৬ সিলিন্ডারের ডিজেল ড্রেজার মেশিন, ৪টি খালি তেলের ড্রাম, ১০টি মোটা পাইপ, ১টি রিং পাইপ, ২টি ব্যাটারিচালিত অটোভ্যান, ১টি মোটরসাইকেল, ৪টি অ্যান্ড্রয়েড ও ৩টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ৫৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় বাউরা ডাঙ্গাটারী ক্যাম্পের হাবিলদার উত্তম চন্দ্র দাস বাদি হয়ে সরকারি কাজে বাধা, স্বেচ্ছায় আঘাত ও হুমকির অপরাধে আজ বুধবার (৯ সেপ্টেম্বর) পাটগ্রাম থানায় মামলা দায়েরসহ আটক ব্যক্তিদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183143