বগুড়ায় আদালতের আদেশ অমান্য করে প্রাচী নির্মাণের চেষ্টা : সংবাদ সম্মেলনে অভিযোগ

বগুড়ায় আদালতের আদেশ অমান্য করে প্রাচী নির্মাণের চেষ্টা : সংবাদ সম্মেলনে অভিযোগ

স্টাফ রিপোর্টার : বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক প্রাচীর দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন বগুড়া সদরের বারপুর মধ্যপাড়া এলাকার মৃত: ইছাহাক আলীর ছেলে আনোয়ার হোসেন।

একইসঙ্গে তিনি বিভিন্ন নিউজ পোর্টালের অপপ্রচারের প্রতিবাদ করেছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ ও প্রতিবাদ করেছেন।

সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন বলেন, গত ৫ সেপ্টেম্বর শনিবার আনুমানিক দুপুর দেড়টায় মো. গাজীয়ুর রহমান, মো. তাজউদ্দিন সুমন ও আরিফুল ইসলাম সৌখিনসহ শতাধিক লোক আদালতের রায় অমান্য করে তাদের দখলীয় জমিতে প্রাচীর দেওয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে গাজীয়ুররা তার পরিবারের সদস্যদের লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেয়।

এর আগে গত ৭ মে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত মামলায় উভয়পক্ষকে জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করা হলেও তা মানা হচ্ছে না। এদিকে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে তাকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ক্যাডার বাহিনীর প্রধান ও চাঁদাবাজ হিসেবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে আনোয়ার অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের হামলা ও হয়রানি থেকে রক্ষা পেতে বগুড়া পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183104