বেলজিয়ামকে ‘সাময়িক’ বিদায় জানালেন কোর্তোয়া

বেলজিয়ামকে ‘সাময়িক’ বিদায় জানালেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক :  বেলজিয়াম জাতীয় দল থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন থিবো কোর্তোয়া। ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক জানিয়েছেন, আগামী উয়েফা নেশনস লিগের কোনো ম্যাচেই তিনি খেলবেন না। এমনকি দল ফাইনাল ফোরে উঠলেও সেই ম্যাচগুলোতেও মাঠে নামার পরিকল্পনা নেই তার।

ক্লাব ফুটবলে নিজের ক্যারিয়ার আরও দীর্ঘ করতে এই সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক।

চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয়ের পর বিষয়টি নিশ্চিত করেন কোর্তোয়া। ম্যাচটিতে দুর্দান্ত পারফর্ম করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

 

ম্যাচ শেষে মিশ্র জোনে নিজের পরিকল্পনা জানিয়ে কোর্তোয়া বলেন, ‘না, আমি নেশনস লিগের কোনো ম্যাচ খেলব না, এমনকি ফাইনাল ফোরেও নয়। তবে অনেক খেলোয়াড় চোটে পড়লে এবং কোচের আমাকে প্রয়োজন হলে বিষয়টি ভিন্ন হতে পারে।

 

তবে জাতীয় দল থেকে পুরোপুরি অবসর নেওয়ার সিদ্ধান্ত নেননি কোর্তোয়া। বরং আপাতত আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে থেকে ক্লাব ক্যারিয়ারে মনোযোগ দিতে চান তিনি।

২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বেলজিয়ামের হয়ে খেলার ইচ্ছা এখনো রয়েছে তার। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ওই ইউরোর বাছাইপর্বও খেলতে পারেন কোর্তোয়া। ২০২৭ সালের মার্চে শুরু হওয়ার কথা ইউরো বাছাইপর্ব।

অর্থাৎ, নেশনস লিগে বিরতি নিলেও ২০২৮ ইউরোকে সামনে রেখে আবারও বেলজিয়াম দলে ফিরতে পারেন রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ এই গোলরক্ষক।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183088