বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া প্রধানমন্ত্রীর সম্মানী আরও বাড়ছে
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বেশি বেতন পান সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। এরপরও আরও বেতন বাড়ছে তার। তবে শুধু তার একার নয়, বেতন বাড়ছে ওংয়ের মন্ত্রিসভার সদস্যদেরও। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ নিয়ে দেশটির পার্লামেন্টে ঘোষণা দেন তিনি।
নতুন কাঠামো অনুযায়ী, প্রধানমন্ত্রীর বেঞ্চমার্ক বা নির্ধারিত বার্ষিক বেতন ২২ লাখ সিঙ্গাপুর ডলার থেকে বেড়ে ৩৬ লাখ সিঙ্গাপুর ডলার হবে। অর্থাৎ বৃদ্ধি হবে ৬০ শতাংশের বেশি। উপপ্রধানমন্ত্রীর বেঞ্চমার্ক বেতন ১৮ লাখ ৭০ হাজার সিঙ্গাপুর ডলার থেকে বেড়ে ৩০ লাখ ৬০ হাজার ডলার হবে। আর মন্ত্রীরা পদমর্যাদা ও দায়িত্বের ওপর ভিত্তি করে বছরে ১৮ লাখ থেকে ২৮ লাখ ৮০ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত বেতন পাবেন। তবে প্রধানমন্ত্রী লরেন্স ওং জানিয়েছেন, তার নিজের বেতন বৃদ্ধির পুরো অর্থ তিনি মেয়াদ চলাকালে উপযুক্ত জনকল্যাণমূলক কাজে দান করবেন।
সিঙ্গাপুর সরকার দীর্ঘদিন ধরে রাজনৈতিক নেতাদের উচ্চ বেতনের পক্ষে যুক্তি দিয়ে আসছে। সরকারের মতে, প্রতিযোগিতামূলক বেতন মেধাবী ও দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আকৃষ্ট করতে এবং সুশাসন নিশ্চিত করতে সহায়তা করে। তবে সাধারণ নাগরিকদের তুলনায় মন্ত্রীদের আয়ের বিপুল ব্যবধানের কারণে বিষয়টি সিঙ্গাপুরে রাজনৈতিকভাবে সংবেদনশীল। ওং নিজেও বলেন, বেতনের অঙ্ক অধিকাংশ নাগরিকের আয়ের তুলনায় অনেক বেশি হওয়ায় জনগণের এ বিষয়ে গভীর আগ্রহ ও উদ্বেগ থাকা স্বাভাবিক।
তিনি বলেন, ভালো সরকার নির্ভর করে ভালো নেতৃত্বের ওপর। গত ১৫ বছর ধরে সিঙ্গাপুরে মন্ত্রীদের বেতন কাঠামোতে বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। নতুন বেতন কাঠামোর সুপারিশ করেছে একটি স্বাধীন কমিটি। তবে বর্তমান মন্ত্রীরা সরাসরি নতুন বেঞ্চমার্ক বেতন পাবেন না। আগামী ১৫ অক্টোবর থেকে ব্যক্তিগত পরিস্থিতি ও কর্মদক্ষতার ওপর ভিত্তি করে তারা সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত এককালীন বেতন সমন্বয় পাবেন। পরবর্তী সময়ে বেতন পরিবর্তন নির্ধারিত হবে ব্যক্তির কর্মদক্ষতা ও দায়িত্বের ভিত্তিতে। সিঙ্গাপুর দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর একটি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক সূচকে অবস্থান করে আসছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183039