হঠাৎ ফিরে এসেছে নব্বইয়ের দশক

হঠাৎ ফিরে এসেছে নব্বইয়ের দশক

স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম আর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে হঠাৎ যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ট্রেন্ডে পুরনো ছবি, সে সময়ের পোশাক-ফ্যাশন ও জনপ্রিয় গান ব্যবহার করে নব্বইয়ের দিনের স্মৃতিকে তুলে ধরছেন অনেকে। বিশ্বজুড়ে জনপ্রিয় হওয়ার পর গতকাল থেকে বাংলাদেশেও ট্রেন্ডটি বেশ সাড়া ফেলেছে।

‘হোয়াট ওয়্যার ইউ লাইক ইন দ্য ’৯০স’—এই ভাবনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নানা ধরনের পোস্ট। সাধারণত নব্বইয়ের দশকের কয়েকটি ছবি দিয়ে তৈরি করা হচ্ছে ছোট স্লাইডশো। এর সঙ্গে ব্যবহার করা হচ্ছে মার্কিন ব্যান্ড গু গু ডলসের ১৯৯৮ সালের জনপ্রিয় গান ‘আইরিস’।

ইনস্টাগ্রাম ও টিকটকে তারকা থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারীরা এই ফরম্যাটে নিজেদের পুরনো দিনের ছবি প্রকাশ করছেন। কারও পোস্টে থাকছে সত্যিকারের পুরনো স্মৃতি, আবার কেউ এআইয়ের সাহায্যে বর্তমানের ছবিকে নব্বইয়ের দশকের আবহে রূপ দিচ্ছেন।

নব্বইয়ের দশকের পোশাক, চুলের ধরন, ফ্যাশন ও জীবনযাপনের নানা অনুষঙ্গই এই ট্রেন্ডের মূল আকর্ষণ। প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ের বাইরে গিয়ে এসব ছবিতে ফুটে উঠছে এমন এক সময়ের চিত্র, যখন স্মার্টফোন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠেনি।

পুরনো দিনের পোশাক, ছবি ও গানের মাধ্যমে অনেকেই ফিরে যাচ্ছেন নিজেদের কৈশোর কিংবা তারুণ্যের স্মৃতিতে। এ কারণেই অল্প সময়ের মধ্যেই রেট্রো ধাঁচের এই ট্রেন্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নস্টালজিয়াই এই ট্রেন্ডের জনপ্রিয়তার অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে।

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে পুরনো দিনের স্মৃতি ও নান্দনিকতাকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ করে দিয়েছে এআই। ফলে বাস্তব পুরনো ছবি আর কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি রেট্রো ছবির মিশেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নব্বইয়ের দশকে ফিরে যাওয়ার এক ভার্চুয়াল আবহ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183023