সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি : সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত (রিটেন) পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের (সেন্ট্রাল লাইব্রেরি) সামনে থেকে মিছিলটি শুরু হয়।
এতে ডাকসুর নেতৃবৃন্দের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। মিছিল থেকে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার গুরুত্ব কমিয়ে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর যেকোনো উদ্যোগের প্রতিবাদ জানানো হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, লিখিত পরীক্ষার তুলনায় ভাইভায় বেশি নম্বর রাখার সুযোগ তৈরি হলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন প্রশ্নবিদ্ধ হতে পারে।
একই সঙ্গে দলীয়করণ, স্বজনপ্রীতি ও ঘুষ-দুর্নীতির সুযোগ তৈরি হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তারা। বিক্ষোভকারীরা সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান। তাদের ভাষ্য, নিয়োগ পরীক্ষার এমন কাঠামো থাকা উচিত, যেখানে একজন প্রার্থীর যোগ্যতা নিরপেক্ষ ও যাচাইযোগ্য পদ্ধতিতে মূল্যায়িত হবে এবং কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা অনিয়মের সুযোগ থাকবে না।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে নিয়োগ দেশের তরুণদের ভবিষ্যৎ ও রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
তাই নিয়োগ প্রক্রিয়ায় এমন কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয়, যা মেধাভিত্তিক প্রতিযোগিতাকে দুর্বল করে কিংবা অনিয়মের সুযোগ সৃষ্টি করতে পারে। তারা লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর বণ্টনসহ পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিয়োগে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও দুর্নীতির সব ধরনের সুযোগ বন্ধ করার দাবি জানান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183006