বগুড়ার শেরপুরে ২ হাজার তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পরিবেশ রক্ষায় নুরে মাদিনা হাফেজিয়া কওমি মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে ২ হাজার তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাগরপুর জিরো পয়েন্ট-ব্র্যাক বটতলা থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মজিদ ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শেরপুর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী সংসদের সদস্যরা।
অনুষ্ঠানে মাদরাসার পরিচালক আব্দুল হান্নান বলেন, শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে পরিবেশ রক্ষা ও মানবিক সেবার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে কাজ করতে চান তাঁরা। তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে, তাই পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে তালবীজ রোপণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183000