কিশোরগঞ্জের দুই হাসপাতালে অভিযান, চার নারী সহ ১৭ দালাল আটক
কিশোরগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে দালাল চক্রের ১৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনভর পরিচালিত অভিযানে প্রথমে ৩২ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিন সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
পুলিশ সুপার বলেন, সরকারি হাসপাতালকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র সক্রিয় থাকার তথ্য পুলিশের কাছে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি পর্যবেক্ষণের পর তথ্যের সত্যতা নিশ্চিত করে চক্রের সদস্যদের একটি তালিকা তৈরি করা হয়। ওই তালিকার ভিত্তিতে মঙ্গলবার পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে দুই হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে আটক ৩২ জনের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই করা হয়। তাদের মধ্যে দালাল চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় অবস্থান করে গ্রাম থেকে চিকিৎসার জন্য আসা সাধারণ ও অসহায় রোগীদের টার্গেট করতেন। উন্নত চিকিৎসা, দ্রুত পরীক্ষা-নিরীক্ষা কিংবা কম খরচে চিকিৎসার কথা বলে তাদের সঙ্গে সখ্য তৈরি করতেন। পরে রোগী ও তাদের স্বজনদের সরকারি হাসপাতালের বাইরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন।
এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা হয়রানির পাশাপাশি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থ ব্যয়ের শিকার হতেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে জেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা অসহায় রোগীরাই এসব দালালের প্রধান টার্গেট বলে জানিয়েছে পুলিশ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182976